Saturday, 7 November, 2026

বাংলাদেশের জন্য পাঠানো অত্যাধুনিক রেলকোচ উন্মোচন করল ভারত

বাংলাদেশের বিদ্যুৎ কাঠামোয় ৪১৫ ভোল্ট সিস্টেম | সংঘর্ষ-সহনশীল প্রযুক্তি ও শক্তিশালী ছাদ | থাকছে প্রার্থনা ও শিশু পরিচর্যা কক্ষ

বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি ১৯টি সর্বাধুনিক এলএইচবি (LHB) ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)। বুধবার (১২ আগস্ট) ভারতের পাঞ্জাবে অবস্থিত আরসিএফ কারখানায় নতুন এই রেকটি উন্মোচনের মাধ্যমে বাংলাদেশ-ভারত রেল সহযোগিতায় যুক্ত হলো নতুন এক অধ্যায়।

প্রথম চালানের ১৯টি কোচের মধ্যে রয়েছে ৩টি এসি স্লিপার কার, ৩টি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং ২টি পাওয়ার কার। বাংলাদেশের যাত্রীদের চাহিদা ও স্থানীয় পরিবেশ বিবেচনায় নিয়ে এসব কোচে বেশ কিছু আধুনিক প্রযুক্তি ও বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে।

যাত্রীদের আরাম ও নিরাপত্তা বাড়াতে কোচগুলোতে রয়েছে স্টেইনলেস স্টিলের হাতল ও পাদানিসহ আধুনিক হেলান দেওয়া চেয়ার। পাশাপাশি নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা ও জরুরি অ্যালার্ম ব্যবস্থা রাখা হয়েছে। এসি কোচে অতিরিক্ত ফ্যান, সুবিধাজনক জানালা, বিশেষ প্রার্থনা কক্ষ এবং শিশু পরিচর্যা কক্ষও থাকছে।

প্রযুক্তিগত দিক থেকেও কোচগুলোতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। উৎসব বা অতিরিক্ত যাত্রীচাপের সময় ছাদে অতিরিক্ত যাত্রীর ভার বহনের বিষয়টি বিবেচনায় নিয়ে কোচগুলোর ছাদের কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে।

এ ছাড়া ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে কোচগুলোতে ‘সংঘর্ষ-সহনশীল’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তি দুর্ঘটনার সময় কোচের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঝুঁকি কমাতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বাংলাদেশের বিদ্যুৎ অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতেও কোচগুলোতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় রেলে প্রচলিত ৭৫০ ভোল্টের পরিবর্তে বাংলাদেশের উপযোগী করে কোচগুলোকে ৪১৫ ভোল্ট সিস্টেমে পরিচালনার উপযোগী করা হয়েছে।

এর আগে ২০১৫-১৬ সালে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি কোচ সরবরাহ করেছিল ভারতের আরসিএফ। ওই সরবরাহের সফল অভিজ্ঞতার ধারাবাহিকতায় ২০২৪ সালে ভারতীয় সংস্থা রাইটসের মাধ্যমে আরও ২০০টি নতুন কোচ তৈরির কার্যাদেশ দেয় বাংলাদেশ রেলওয়ে।

সেই চুক্তির আওতায় প্রথম ধাপে ১৯টি কোচের এই রেক উন্মোচন করা হলো। পর্যায়ক্রমে চুক্তির আওতায় বাকি কোচগুলোও বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...