বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অগ্রণী ব্যাংকের ভল্টে জালিয়াতি, ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রামের লালদীঘির পাড় জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং মো. জাফরুল্লাহ তানভীর (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষের দাবি, উধাও হওয়া অর্থ বিভিন্ন গ্রাহকের আমানতের টাকা। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেছেন শাখাটির জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ। মামলায় দুইজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষে ক্যাশ ও ভল্টের দায়িত্বে থাকা কামরুল হোসেন নগদ অর্থের হিসাব এবং ভল্টে সংরক্ষিত অর্থের হিসাব মেলাতে গিয়ে গরমিল দেখতে পান। পরে ভল্টের হিসাব, সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও নথি যাচাই করে ৪ কোটি ৩৮ লাখ টাকা ঘাটতি পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কামরুল হোসেন সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।

এজাহারে কামরুল হোসেনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আরও বলা হয়েছে, ভল্টে টাকা জমা দেওয়ার সময় এক হাজার টাকার নোটের বড় বান্ডিলের ভেতরে ১০০ টাকা বা তার কম মূল্যমানের নোট ঢুকিয়ে বান্ডিল সাজানো হতো। ফলে বাইরে থেকে দেখে বান্ডিলে পুরো টাকা রয়েছে বলে মনে হলেও প্রকৃত অর্থের পরিমাণ কম থাকত।

অভিযোগ রয়েছে, এভাবে সরিয়ে নেওয়া অর্থ মো. জাফরুল্লাহ তানভীরের কাছে বিশেষ শর্তে বিনিয়োগ করা হয়। ওই অর্থ দিয়ে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামারের কার্যক্রম শুরু করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, বর্তমানে ওই খামারে বিভিন্ন জাতের ৫০ থেকে ৬০টি গরু রয়েছে।

ঘটনার পর ওই রাতেই কোতোয়ালী থানায় মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন বলেন, গ্রাহকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপে যোগাযোগের তথ্য ও রেকর্ড এবং ৬৪ জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনায় আর কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা বের করার চেষ্টা চলছে।

এদিকে অগ্রণী ব্যাংক কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. মোতাহের হোসেন বলেন, ঘটনাটি নিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ অডিট চলছে। অডিট শেষ হলে অর্থের ঘাটতি এবং ঘটনায় কারও সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তবে ভল্টের মতো সংরক্ষিত স্থান থেকে বিপুল পরিমাণ অর্থ ঘাটতির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। কীভাবে দীর্ঘ সময় ধরে অর্থের ঘাটতি ধরা পড়েনি, ভল্টের হিসাব ও নগদ অর্থ যাচাইয়ে কোনো ধরনের গাফিলতি ছিল কি না এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না- এসব বিষয় এখন তদন্তের কেন্দ্রে রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...