বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
তিনি জানান, দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রিজভী আরও বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেছেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ উপলক্ষে ওই দিন সংসদের বৈঠকও ডাকা হয়েছে।
বুধবার পর্যন্ত রাষ্ট্রপতি পদে তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সরকারি দল বিএনপি দুটি এবং সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র বৃহস্পতিবার বেলা ১১টায় জমা দেওয়ার কথা রয়েছে। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্রও দুপুরের দিকে জমা দেওয়ার কথা রয়েছে।
ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার পথ প্রায় পরিষ্কার
গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়।
রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।
ফারুক, চট্টলা২৪

