বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

​‘কারো ছাড় নেই’, চট্টগ্রামের শিপইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যুর ঘটনায় আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে হতাহতের ঘটনায় কোনো অবহেলা বা কমপ্লায়েন্সের ঘাটতি থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৪টায় হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে ও নিহতদের স্বজনদের সমবেদনা জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি একটি তদন্ত সাপেক্ষ বিষয়। সরকারের মূল দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ তদন্ত করে সঠিক তথ্য বের করে আনা। কারো পক্ষে বা বিপক্ষে কিছু বলা সরকারের কাজ নয়। তদন্তে যদি কোনো গাফিলতি বা নেগলিজেন্সের প্রমাণ পাওয়া যায়, তবে তার পরিপ্রক্ষিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

শিপব্রেকিং খাতের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রিন ইয়ার্ডের কমপ্লায়েন্স প্রসঙ্গে তিনি বলেন, গ্রিন ইয়ার্ডের সনদ বা গ্রেডিং হংকং কনভেনশন বা আন্তর্জাতিক চার্টারের ক্রাইটেরিয়া অনুযায়ী দেওয়া হয়, এটি সরকার প্রদান করে না। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিন ইয়ার্ডের কমপ্লায়েন্স নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত পরিদর্শন তদারকি করা হচ্ছে। ইয়ার্ডে কোনো কমপ্লায়েন্সের অভাব ছিল কি না কিংবা কর্তৃপক্ষের কোনো অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্ক থেকে তীব্র বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। সকাল থেকে শুরু করে দুপুর ও বিকেলে একে একে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে—তারা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং হাবিবুর রহমান।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিকেলে হাবিবুর রহমানকে অচেতন অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইয়ার্ডটিতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম, অক্সিজেন মাস্ক কিংবা গ্যাস টেস্টের মতো প্রাথমিক সুরক্ষাব্যবস্থা না থাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছেন সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় আরও একজন শ্রমিক চমেকের ২ নম্বর ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফেরদৌস স্টিল ইয়ার্ডটিতে কোনো প্রকার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), অক্সিজেন মাস্ক বা গ্যাস ডিটেক্টর ছাড়াই ঝুঁকি নিয়ে কাজ করানো হচ্ছিল। শুক্রবার সকালে জাহাজভাঙার ইয়ার্ডটিতে একদল শ্রমিক স্ক্র্যাপ জাহাজে হাউজ কিপিংয়ের কাজে যান। ওই সময় একটি ট্যাঙ্কার থেকে তীব্র বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকলেও কোনো আগাম সতর্কতা বা পর্যবেক্ষণ ইয়ার্ড কর্তৃপক্ষের ছিল না। গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে গিয়েই একের পর এক শ্রমিক অচেতন হয়ে পড়েন।

ইয়ার্ডটিতে গ্যাসের বিষাক্ততা পরীক্ষার জন্য সার্টিফাইড কোনো সেফটি অফিসার বা গ্যাস ফ্রি সার্টিফিকেট তদারকির ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনা ঘটার পরও মালিকপক্ষের তদারকির চরম ব্যর্থতার প্রমাণ পাওয়া যায়—প্রাথমিকভাবে দুর্ঘটনা গোপন করার চেষ্টা এবং তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসাসেবার অভাব ছিল বলে অভিযোগ ওঠে।

ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার ইয়ার্ডের কার্যক্রম বন্ধ ছিল। সকালে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাংকে লিকেজ দেখা দেয়। এ সময় স্থানীয় ও বহিরাগত কয়েকজন লোক বিষয়টি দেখতে সেখানে গেলে গ্যাসে আক্রান্ত হন। এতে চারজনের মৃত্যু হয়। কয়েকজন আহত হয়েছেন।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, শুক্রবার দুপুর ১২টার পরে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল ইয়ার্ডের ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করেন। এরপর একজনসহ সর্বমোট ৮ জনের মরদেহ এখন চমেক হাসপাতালে রয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, ‘জাহাজে বিষাক্ত গ্যাস নির্গমনের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

দুর্ঘটনার পর নিহতদের স্বজন ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে স্থানীয় শতাধিক বিক্ষুব্ধ মানুষ ইয়ার্ডে গিয়ে ভাঙচুর চালান বলে জানিয়েছেন ইয়ার্ড কর্মকর্তারা। এ সময় ইয়ার্ডের বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...