বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর, আটক ১

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জয় বাংলা স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ এবং শিঙাড়া বিতরণের অভিযোগে তিন ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে ধানমন্ডি থানা-পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে প্রবেশপথের সড়কে এসব ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মারধরের শিকার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে একজন রিকশাচালক ধানমন্ডি-৩২ নম্বরের প্রবেশমুখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সদস্যসচিব আ ন ম আয়াস তার কাছে গিয়ে মোবাইল ফোনটি পরীক্ষা করেন। পরে ভিডিওটি যুবলীগের এক নেতার কাছে পাঠানো হয়েছে—এমন অভিযোগ তুলে ওই রিকশাচালককে কয়েকজন মিলে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

রিকশাচালককে মারধরের সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। পরে তাকেও মারধর করা হলে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এর কিছুক্ষণ পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিতরণ করা হচ্ছে—এমন অভিযোগে আরেক ব্যক্তিকে মারধর করা হয়। তার হাতে থাকা একটি বস্তার ভেতর শিঙাড়া ছিল বলে জানা গেছে। মারধরের একপর্যায়ে তিনিও ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য তারা ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থান করছেন। কাউকে সন্দেহজনকভাবে পেলে পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে।

মব সৃষ্টি করে কাউকে মারধর করা হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আয়াস বলেন, তিনি মব সৃষ্টি করছেন না; আওয়ামী লীগ বা যুবলীগের কাউকে পেলে ধরে শুধু পুলিশের কাছে সোপর্দ করছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি ঘটনাস্থল থেকে চলে যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক যুবলীগ কর্মীকেও আটক করে পুলিশ।

সাব্বির,চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...