চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা দখলের অজুহাতে শত শত বনজ ও ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই এসব গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা। এতে তাঁদের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া রাবার বাগানসংলগ্ন এলাকায় কয়েকটি পরিবার প্রায় শত বছর ধরে বংশপরম্পরায় জমি ভোগদখল করে আসছে। ওই জমিতে আব্দুল জব্বার ও মোহাম্মদ আলীর মালিকানাধীন বাগানের কয়েকশ ফলদ ও বনজ গাছ ছিল। সম্প্রতি রাবার বাগান কর্তৃপক্ষ এসব গাছ কেটে ফেলে বলে অভিযোগ করেন তাঁরা।
ভুক্তভোগীরা জানান, জায়গাটি রাঙ্গামাটিয়া রাবার বাগান থেকে বেশ দূরে এবং পূর্বপুরুষের আমল থেকেই তাঁরা সেখানে বসবাস ও জমি ভোগদখল করে আসছেন। দীর্ঘদিনের শ্রম ও অর্থ ব্যয় করে সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের বাগান গড়ে তুলেছিলেন। কিন্তু হঠাৎ কোনো আলোচনা, নোটিশ বা পূর্বঘোষণা ছাড়াই গাছগুলো কেটে ফেলা হয়।
তাদের অভিযোগ, গাছগুলো কেটে ফেলায় শুধু আর্থিক ক্ষতিই হয়নি, দীর্ঘদিনের বাগানও ধ্বংস হয়ে গেছে। এতে তাঁরা অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে রাঙ্গামাটিয়া রাবার বাগানের ব্যবস্থাপক কে এম মাহবুব আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে অফিসের বাইরে রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ফটিকছড়ির ইউএনও সাঈদ মুহাম্মদ ইব্রাহিম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীদের একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
সাব্বির,চট্টলা২৪

