বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশের প্রায় ১ লাখ ২৩ হাজার বেসরকারি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানের অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এ সুবিধা দেওয়া হচ্ছে। এর আওতায় শনিবার ৭০ হাজার ১৯ জন শিক্ষককে অবসর ভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আজকের দিনে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন। আর এই দিনে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি।’
তিনি আরও জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের আরও কয়েকটি কার্যক্রম বাস্তবায়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে সেসব কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
সাব্বির,চট্টলা২৪

