রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।
ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ পায়। বর্তমানে তাঁর মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।
পরিবারের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ জানান, পরিবারের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রিধিকার নাম লীনা আক্তার। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে রিধিকার সম্পর্ক এবং মৃত্যুর আগে তাঁদের মধ্যে কী ঘটেছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
রিধিকা রিধি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। বিভিন্ন সময় নিজের কাজের ছবি ও আপডেট প্রকাশ করতেন তিনি। গত ৩০ জুলাই তিনি সর্বশেষ পোস্ট করেন। এরপর আর তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায়নি।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেন তিনি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। তাঁর অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।
সাব্বির,চট্টলা২৪

