চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হওয়ার অভিযোগে ৫ নারীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ওই ভবনের পঞ্চম তলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্যরা ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হয়েছেন—এমন সংবাদ পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে কথিত সভার মূল নেতৃত্বদানকারী অ্যাডভোকেট উম্মে হাবিবাসহ ১৫ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, উম্মে হাবিবা বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য।
গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন—হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সুজলা অন্তরা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু।
এ ছাড়া সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রেস রিলিজে আরও বলা হয়, এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১২। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলায় কী কী অভিযোগ আনা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারাগুলো কী—তা প্রেস রিলিজে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
সাব্বির,চট্টলা২৪

