বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শাহ আমানত বিমানবন্দর ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব চেম্বারের

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণ সক্ষমতায় কাজে লাগাতে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন চালুর প্রস্তাব দিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ৪০ শতাংশ রেয়াতি ট্যারিফসহ বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে আরও চারটি প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

শনিবার (১৫ আগস্ট) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব দেন সিসিসিআই সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

চেম্বারের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাত দিন চালু রাখা, আন্তর্জাতিক রুটে ৪০ শতাংশ রেয়াতি ট্যারিফ নির্ধারণ, লং রুটের ফ্লাইটে বিরতির সময় যাত্রী ওঠানো-নামানোর সুবিধা চালু, লং রুটের ফ্লাইটের জন্য ট্রানজিট ও রিফুয়েলিং ব্যবস্থা নিশ্চিত করা এবং বিমানবন্দরসংলগ্ন এলাকায় পিপিপি, বিওও বা বিওওটি পদ্ধতিতে কার্গো ভিলেজ ও আইসিডি/সিএফএস স্থাপন।

চিঠিতে সিসিসিআই সভাপতি বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর, বৃহৎ পাইকারি বাজার, একাধিক রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ উল্লেখযোগ্য সংখ্যক শিল্প-কারখানা চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত। ফলে চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও বিনিয়োগ কেন্দ্র।

তবে প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা এখনো কাজে লাগানো হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

মোহাম্মদ আমিরুল হক বলেন, বর্তমান সক্ষমতায় শাহ আমানত বিমানবন্দরে আরও বেশি যাত্রী ও কার্গো হ্যান্ডলিং, ট্রানজিট এবং কানেক্টিং ট্রাফিক আকর্ষণের সুযোগ রয়েছে। বিমানবন্দরটির সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে ঢাকাকেন্দ্রিক এভিয়েশন ট্রাফিকের ওপর চাপ কমানোর পাশাপাশি চট্টগ্রামকে পূর্ব-পশ্চিম এভিয়েশন, পর্যটন ও লজিস্টিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সমুদ্রবন্দর ও বিমানবন্দর—উভয়ের জন্য কার্গো ভিলেজ এবং আইসিডি/সিএফএস স্থাপনের সুযোগ রয়েছে। এ ধরনের অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাত পিপিপি, বিওও এবং বিওওটি পদ্ধতিতে বিনিয়োগ করতে সক্ষম এবং আগ্রহী।

চেম্বারের পক্ষ থেকে বলা হয়, বিমানবন্দরসংলগ্ন এলাকায় কার্গো ভিলেজ ও আইসিডি/সিএফএস গড়ে উঠলে বিমান ও সমুদ্রপথে পণ্য পরিবহনের মধ্যে সমন্বয় বাড়বে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করার পাশাপাশি চট্টগ্রামকে একটি সমন্বিত লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

চিঠিতে চেম্বার সভাপতি আরও উল্লেখ করেন, মোংলা বন্দরের কার্যক্রম গতিশীল করতে সরকার সেখানে চট্টগ্রাম বন্দরের তুলনায় কম ট্যারিফ নির্ধারণ করেছে। একইভাবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অধিক ট্রাফিক আকর্ষণ করে এর পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে প্রণোদনামূলক বা রেয়াতি ট্যারিফ নির্ধারণ করা জরুরি।

তাঁর মতে, আন্তর্জাতিক রুটে ৪০ শতাংশ রেয়াতি ট্যারিফ চালু করা হলে নতুন এয়ারলাইনস ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহ বাড়তে পারে। একই সঙ্গে চট্টগ্রাম থেকে দীর্ঘপথের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ট্রানজিট ও রিফুয়েলিং সুবিধা নিশ্চিত করা গেলে বিমানবন্দরটির বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়বে।

চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রামকে শুধু দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে নয়, বরং আঞ্চলিক বিনিয়োগ, পর্যটন, এভিয়েশন ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে বিমানবন্দরটির সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

এ জন্য ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিসিসিআই সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

সাব্বির,চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...