বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

গত ছয় মাসে সরকারের সবচেয়ে দৃশ্যমান বিষয় হলো, নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের প্রতিটি কার্যক্রমে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। একই সময়ে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব জনসমর্থনও দেখা গেছে।

তিনি বলেন, গত ছয় মাসে অসংখ্য গণসম্পৃক্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় গিয়েছেন। তিনি যেখানে গিয়েছেন, সেখানেই জনগণের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে বর্তমান সরকার দায়িত্ব ও দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। ফ্যাসিবাদবিরোধী দেড় দশকের রক্তক্ষয়ী সংগ্রামে গুম, খুন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের মতো নানা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল। সেই দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় প্রতিটি শ্রেণি-পেশার মানুষ এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো এক হয়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

তিনি বলেন, ওই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা হলো এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে মানবাধিকার, বাকস্বাধীনতা এবং আইনের শাসন নিশ্চিত থাকবে। সরকারের কার্যক্রমে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

মাহদী আমিন আরও বলেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড স্থাপনের চেষ্টা করা হয়েছে। এ সময়ে কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, অনেক সময় বাকস্বাধীনতা সীমালঙ্ঘন করেছে। উসকানি দেওয়া হয়েছে, অশোভন আচরণও করা হয়েছে। কিন্তু সরকার সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করেই জনগণের সরকার এগিয়ে যাচ্ছে।

সংসদ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত। সংসদ সদস্যরা পরস্পরের বক্তব্য নিয়ে আলোচনা ও সমালোচনা করছেন এবং বিভিন্ন বিষয়ে যৌক্তিকভাবে নিজেদের মতামত তুলে ধরছেন।

মাহদী আমিন জানান, সরকার গঠনের পর দেশের ইতিহাসে নজিরবিহীনভাবে সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিশেষ সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সাব্বির,২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...