বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কারখানা বিক্রির আশঙ্কায় চট্টগ্রামে ইত্যাদি জিন্সের শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় ইত্যাদি জিন্স লিমিটেড কারখানা বিক্রি বা হস্তান্তরের আশঙ্কায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান সড়কে অবস্থান নেন তারা।

শ্রমিকদের অবরোধের কারণে আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, কারখানাটি বিক্রি করে দেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে। কারখানা বন্ধ, বিক্রি বা হস্তান্তর করা হলে আইন অনুযায়ী সব পাওনা পরিশোধের দাবি জানান তারা। শ্রমিকদের মধ্যে ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করছেন এমন অনেকেই রয়েছেন।

এক শ্রমিক বলেন, ‘আমাদের বলা হয়েছে কারখানা বিক্রি করে দেওয়া হবে। সেই অনুযায়ী আমরা তিন মাসের বেতন অগ্রিম দাবি করছি। এখানে ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করা শ্রমিক রয়েছেন। তাদের লিভ সেলারিসহ আইন অনুযায়ী সব পাওনা দিতে হবে।’

তবে শ্রমিকদের অভিযোগের সঙ্গে ভিন্নমত জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, কারখানা হস্তান্তরের একটি উদ্যোগ নেওয়া হলেও পরে তা বাতিল করা হয়েছে। এখন আগের মালিকপক্ষই কারখানাটি পরিচালনা করবে।

ইত্যাদি জিন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (এইচআর) রাশেদ সিকদার বলেন, ‘আমাদের কারখানা হস্তান্তরের কথা ছিল। তবে শ্রমিকেরা কাজ করবেন বলে জানালে পরে সেটি বাতিল করা হয়। মালিক আবার কারখানাটি চালাবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে গত ১৫ আগস্ট একটি নোটিশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, শ্রমিকদের কোনো বেতন বকেয়া নেই। বুধবার সকালেও মালিকপক্ষ থেকে জানানো হয়েছে, কারখানাটি মালিকই পরিচালনা করবেন।

অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও নগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাঁধন বলেন, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...