বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী সিনিয়র আইনজীবী তৌফিক নওয়াজের মৃত্যু

ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী সিনিয়র আইনজীবী তৌফিক নওয়াজ। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আবদুল্লাহ আল মুহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তৌফিক নওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী ছিলেন। অক্সফোর্ডে পড়াশোনা করা এই আইনজীবী ‘জুরিস কাউন্সেল’ নামের আইন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ট্রাস্টি বোর্ডেরও সদস্য ছিলেন।

তৌফিক নওয়াজ সেন্ট গ্রেগরি’স হাইস্কুল থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন।

আইন পেশায় দীর্ঘ ক্যারিয়ারে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ল’ অ্যাসোসিয়েশন এবং অক্সব্রিজ সোসাইটি অব বাংলাদেশের সদস্য ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিলিয়া) পরিচালক এবং ১৯৯৩ সালে প্রতিষ্ঠানটির অবৈতনিক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আইন পেশার পাশাপাশি সংগীত ও সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত ছিলেন তৌফিক নওয়াজ। পণ্ডিত পান্নালাল ঘোষের ধারায় তিনি শাস্ত্রীয় বাঁশি বাজাতেন। একই সঙ্গে তিনি ইংরেজি ভাষার কবি ও ইতিহাসবিদ হিসেবেও পরিচিত ছিলেন।

২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। চলতি বছরের ২৭ মে স্বজনেরা তাঁকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যান। সেখানে জুলাই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা স্ত্রী দীপু মনির সঙ্গে তিনি দেখা করেন।

তৌফিক নওয়াজ স্ত্রী দীপু মনি ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...