চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদের সুলতান কলোনিতে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে মার্জারিন উৎপাদনের অভিযোগে ‘কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেড’কে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।
নিরাপদ খাদ্য অফিসার মো. ফারহান ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে মাখনের বিকল্প হিসেবে ব্যবহৃত মার্জারিন অনিবন্ধিতভাবে উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া অভিযানে আরও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী এবং ডবলমুরিং থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
মার্জারিন দেখতে অনেকটা মাখনের মতো এবং মাখনের বিকল্প হিসেবে ব্যবহৃত এক ধরনের চর্বিজাতীয় খাদ্যপণ্য। সাধারণত উদ্ভিজ্জ তেল বা ভেজিটেবল ফ্যাট প্রক্রিয়াজাত করে এটি তৈরি করা হয়। পাউরুটি, কেক, বিস্কুট ও পেস্ট্রিসহ বিভিন্ন বেকারি পণ্য তৈরিতে মার্জারিন ব্যবহার করা হয়।
সাব্বির,চট্টলা২৪

