চট্টগ্রামের ঐতিহ্যবাহী আসকার দিঘির পাড়ের জায়গা দখল করে অনুমোদনহীনভাবে ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে ভবনটির বিভিন্ন অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই সঙ্গে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে আসকার দিঘির পাড়ে এ অভিযান পরিচালনা করে সিডিএ। অভিযানে সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিডিএ সূত্র জানায়, আসকার দিঘির পাড়ে ভবনটির নির্মাণকাজ শুরু হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। নির্মাণকাজ বন্ধ করতে মালিকপক্ষকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হয়। পরে বুধবার অভিযান চালিয়ে ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়।
সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, কোনো ধরনের অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। একতলার ছাদ দেওয়ার সময় বিষয়টি সিডিএর নজরে আসে। এরপর একাধিকবার নোটিশ দেওয়া হলেও নির্মাণকাজ বন্ধ করা হয়নি।
তিনি বলেন, ‘পুরো ভবনটাই অবৈধ। এখানে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। আসকার দিঘি আমাদের ঐতিহ্যবাহী এলাকা। মাস্টারপ্ল্যান অনুযায়ী এটি সংরক্ষণ করতে হবে। এখানে কোনো প্ল্যান দেওয়ার সুযোগ নেই।’
তানজিব হোসেন আরও বলেন, সিডিএর সক্ষমতা অনুযায়ী ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হবে। পরবর্তী সময়ে জরিমানা, ভবন সিলগালা কিংবা অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন।
সাব্বির,চট্টলা২৪

