বান্দরবানের আলীকদমে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দেশটির ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৯ আগস্ট) রাতে আটক ব্যক্তিদের আলীকদম থানায় হস্তান্তর করেছে বিজিবি। আলীকদম ৫৭-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার মিয়ানমারের ১৪ নাগরিক আলীকদম ৫৭-বিজিবির অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নিয়ে ক্রিলাইপাড়া চেকপোস্ট থেকে ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছেন। তবে বাংলাদেশে প্রবেশের সময় তারা বেসামরিক পোশাকে ছিলেন। তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি।
বিজিবি আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী ওই ১৪ নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক ব্যক্তিদের আলীকদম থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
ফারুক, চট্টলা২৪

