দেশের ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন- এ নিয়ে সাংবিধানিক জটিলতা তৈরি হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। পরে এ বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয়ের মত অনুযায়ী, ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালনরত ডেপুটি স্পিকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াতে পারবেন। এ ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই।
মন্ত্রিপরিষদ বিভাগের কাছে দেওয়া মতামতে আইন মন্ত্রণালয় জানায়, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বগুলো ডেপুটি স্পিকার পালন করছেন।
আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, ডেপুটি স্পিকার বর্তমানে স্পিকারের সব সাংবিধানিক দায়িত্ব পালন করায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও তিনি যথাযথ সাংবিধানিক কর্তৃপক্ষ।
ফলে আগামী শুক্রবার বঙ্গভবনে অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালই দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।
ফারুক, চট্টলা২৪

