রাঙামাটিতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি আরও সুদৃঢ় করে সরকার ঘোষিত ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (২৩ আগস্ট) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের সনদ, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি অঞ্চল বা জাতির পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়। দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য শিক্ষা, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার বৃহৎ লক্ষ্য নিয়ে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে ধর্ম, বর্ণ ও গোত্রের ভেদাভেদ ভুলে সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে।
তরুণদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে মীর হেলাল বলেন, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তরুণরা ঘরে বসেই আয় করতে পারেন। একই সঙ্গে ই-কমার্সের সুযোগ কাজে লাগানোর জন্য তাদের উৎসাহিত করতে হবে। তরুণদের দক্ষতা বাড়াতে উন্নয়ন বোর্ডকে নতুন নতুন প্রকল্প গ্রহণের নির্দেশনাও দেন তিনি।
উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের সেবক। তাই সেবার মানসিকতা নিয়ে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, যাতে সেবা নিতে মানুষকে বারবার অফিসে আসতে না হয়; বরং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়।
এ সময় তিনি উন্নয়ন বোর্ডের শূন্য পদ দ্রুত পূরণ, পেনশন সুবিধা নিশ্চিতকরণ এবং পাড়া কেন্দ্রের কর্মীদের বেতন ও সুযোগ-সুবিধা যৌক্তিক পর্যায়ে উন্নীত করতে ডিপিপি সংশোধনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
দিনব্যাপী সফরে প্রতিমন্ত্রী ৫০ জন নারীর মধ্যে সেলাই মেশিন এবং ২৫০টি স্কুলে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করেন। পরে রাঙামাটি শিশু পার্কের ওয়াচ টাওয়ার, জেলা পরিষদের ই-লার্নিং সেন্টার এবং খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে মহাপুরম খালের ওপর নির্মিত সেতুর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) জাহিদ ইকবালসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

