দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজারের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ জন। আর ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩১২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন।
মৃত্যুর হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃতের সংখ্যা ৮৭৪ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও একই সময়ে নিশ্চিত হাম রোগে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃতের মোট সংখ্যা এখন ৯৭৩ জন।
ফারুক, চট্টলা২৪

