Wednesday, 4 November, 2026

চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে আ.লীগ নেত্রীর গান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে আওয়ামী লীগ নেত্রীর গান পরিবেশনকে কেন্দ্র করে চট্টগ্রামে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত একটি র‍্যালিতে এ ঘটনা ঘটে। বিশাল একটি ট্রাকে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আওয়ামী লীগ নেত্রী ও চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সাংস্কৃতিক সম্পাদক জুলেখা আক্তার জুলি।

র‍্যালিটি কাজীর দেউড়ি থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ট্রাকে অবস্থান করে বিভিন্ন গান পরিবেশন করেন জুলেখা আক্তার জুলি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মতো দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিচিতির একজন শিল্পীর অংশগ্রহণ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে।

বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সরোয়ার উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত ওই কর্মসূচিতে ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জুলেখা আক্তার জুলি চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সাংস্কৃতিক সম্পাদক। সংগঠনটির সভাপতি আলাউদ্দিন তাহের এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামরুল আযম চৌধুরী টিপু।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে নগরে জুলির পরিচিতি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তিনি এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান। এছাড়া গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার শেয়ার করে ‘বিনম্র শ্রদ্ধা’ জানিয়ে পোস্টও করেছিলেন।

এমন রাজনৈতিক পরিচিতির একজন শিল্পীকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে গান পরিবেশনের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকীকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “ওদের জন্য আমরা ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছি। সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডে সুযোগ পাইনি। আমাদের কোনো শিল্পী গান করতে পারেনি। কিন্তু এখনো ওরা ধোঁকাবাজি করছে। আমরা তাদের আর চাই না। আমাদের যেসব শিল্পী বঞ্চিত ছিল, তাদের সুযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন, “সমগ্র জাতীয়তাবাদী শিল্পী সমাজ চায়, যারা ওই শিল্পীকে এই অনুষ্ঠানে এনেছে, তাদের শোকজ করা হোক। কোনো অঙ্গসংগঠনের শিল্পী প্রয়োজন হলে তারা আমাদের জানাবে। আমরা জানি, আগে কে কী কাজ করেছে এবং কারা জাতীয়তাবাদী সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু এখন ঘটনা ঘটছে ভিন্নভাবে। এমন কর্মকাণ্ডের কারণেই তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হচ্ছেন।”

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই।

তিনি বলেন, “এটা আমাদের ওয়ার্ড পর্যায়ের একটি শোভাযাত্রা ছিল। তাই বিষয়টি আমার জানার কথা নয়। তবে যারা দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানার চেষ্টা করবো।”

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...