চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী একটি ফেসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে এক পুলিশ কনস্টেবলকে মারধর ও অপহরণ করে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মো. করিম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। করিম ওই এলাকার আব্দুল হাদীর নতুন বাড়ির বাসিন্দা এবং আব্দুল হাদীর ছেলে।
পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে এসপিবিএন-১-এ কর্মরত কনস্টেবল ইসমাঈল হোসেন ছুটিতে নিজ বাড়িতে এসে মুছাপুরের পণ্ডিতের হাটের দক্ষিণ পাশে রোবেলের সাইকেল মেরামতের দোকানে যান। সেখানে করিমসহ ১৫ থেকে ২০ জন তাকে ঘিরে ধরে মারধর করেন।
পরে তাকে জোরপূর্বক পণ্ডিতের হাটের দক্ষিণে খুশি জামে মসজিদের দক্ষিণ-পূর্ব পাশে সড়কে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, একপর্যায়ে ইসমাঈল হোসেন ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। এ সময় অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তার ভাই তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় ইসমাঈল হোসেন বাদী হয়ে সন্দ্বীপ থানায় মামলা করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‘আসামি করিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ফারুক, চট্টলা২৪

