নিজস্ব প্রতিবেদক ::
দেড় যুগ ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে দেশেন বিভিন্ন হাসপাতালের কেনাকাটার নিয়ন্ত্রণ ছিলো আফতাব আহমেদের হাতে। সরকারি চাকরি থেকে অবসর নেয়া এই আমলা প্রথমে গড়ে তুলেন এএসএল লিমিটেড। সেটিকে কালোতালিকাভুক্ত করা হলে গড়েন নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান এইচটিএমএস লিমিটেড। সম্প্রতি টিসিবি এইচটিএমএস লিমিটেডকে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করে। তবুও দুদকের দুই মামলা ঝুলিতে রেখে আদালতের কাঁধে বন্দুক রেখে বিভিন্ন সরকারি সংস্থা, হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহের নামে লুটপাট অব্যাহত রেখেছেন আফতাব আহমেদ।
আওয়ামী লীগ সরকারের আমলে দুর্দান্ত প্রতাপশালী আফতাব আহমেদের ক্ষমতার কাছে হার মানতে হয়েছে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আফতাব আহমেদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করলেও, আফতাব আহমেদের খুঁটি নাড়ানো সম্ভব হয় নি সংস্থাটির । ওই মামলায় জেলে যেতে হযেছিলো চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান বাবুলকে। ২০১৯ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেছিলেন দুদকের উপ পরিচালক সিরাজুল হক।
উল্টো ২০১৯ সালের এলইডি বাতি স্থাপনের প্রথম টেন্ডারে অংশ নেয়া চার প্রতিযোগী প্রতিষ্ঠানকে ল্যাং মেরে চট্টগ্রাম সিটি করপোরেশনে জাইকার অর্থায়নে ৪৪ কোটি টাকার ‘এলইডি বাতি প্রকল্প’ জাল অভিজ্ঞতা সনদ জমা দিয়ে ভাগিয়ে নেন এইচটিএমএস লিমিটেড ।
চসিকের সুত্র জানায়, ২০১৯ সালে প্রথম পর্যায়ে প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। তখন পাঁচটি ঠিকাদারি কোম্পানি টেন্ডারে অংশ নিয়েছিলো। কিন্তু সবাইকে অযোগ্য ঘোষণা করা হয়। ২০২০ সালে আবার দরপত্র আহ্বান করা হলে ৬টি কোম্পানি অংশ নেয়, ঠিকাদার কোম্পানি এইচটিএমএস লিমিটেড কার্যাদেশ হস্তগত করে।
ওই প্রকল্পের কাজেও এইচটিএমএস লিমিটেডের নিম্ম মানের জিআই শিটের পুল, ক্যাবেল ব্যবহারের অভিযোগ পেয়েছিলো চট্টগ্রাম সিটি করপোরেশনের তদন্ত কমিটি। অভিযোগ তদন্ত নেমে দুদকের টিম প্রকল্পটি নথি গোপনের তথ্য পেলেও আওয়ামী লীগ সরকারের ছায়া বাঁচিয়ে দেয় আফতাব আহমেদকে।
সুত্রমতে, এইচটিএমএস লিমিটেডের পরিচালক পরিচয় দেয়া ধানমন্ডি আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব আহমেদ জাইকার এলইডি প্রকল্পের কাজ তদারকি করতেন।
অনুসন্ধানে জানা যায়, আফতার আহমেদের ক্ষমতার আগুনে পুড়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডাঃ। দিলরুবাকেও। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের কাজ এইচটিএমএস লিমিটেডকে না দেবার কারণে চরম চাপের মধ্যে পড়েন প্রকল্প পরিচালক ডাঃ দিলারুবা ।
নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর দরপত্র আহ্বান করা হয়েছিলো । এ দরপত্রে এইচটিএমএসসহ পাঁচ ঠিকাদার অংশ নেয়। সর্বনিম্ন ৬ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকার দরদাতা হয় নিউ ভিশন মেডিসিস্টেম। কিন্তু ওই প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে চতুর্থ স্থানে থাকা ২ কোটি ৬৪ লাখ টাকা বেশি দরদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ সায়েন্স হাউসকে কার্যাদেশ দেওয়া হয়।
এ ছাড়া হাসপাতালের এক্স-রে যন্ত্র কেনার দরপত্র আহ্বান করা হয়েছিলো একই বছরের ২৮ ডিসেম্বর। পরিকল্পনা অনুযায়ী দরপত্র মুল্যায়ন কমিটির দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে আভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে সর্বনিম্ন দরদাতাও হয়েছিলো এইচটিএমএস লিমিটেড। এ ঠিকাদারি প্রতিষ্ঠানটি এক্স রে মেশিন সরবরাহের ৭ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার টাকা দর নির্ধারণ করে। কিন্তু এইচটিএমএস লিমিটেডকে কাজ না দিয়ে অন্য দ্বিতীয় অবস্থানে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ সায়েন্স হাউসকেই কাজটির কার্যাদেশ দেওয়া নিয়ে বাঁধে বিপত্তি।
কিন্তু দমার পাত্র নন আফতাব আহমেদ। নিজের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেন তিনি। আফতাব আহমেদের তদবিরে হাসপাতালটির তত্ত্বাবধায়ক, প্রকল্প পরিচালক দিলরুবা ইয়াসমিনকে বদলি করা হয়। আফতাব আহমেদের ইচ্ছানুযায়ী পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পে ৯৬ কোটি টাকার মেডিকেল যন্ত্রপাতি কেনার ৯টি দরপত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুত্র জানিয়েছে, ২০২৪ সালের ২৫ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছিলো।
যদিও স্বাস্থ্য অধিদপ্তরকে তত্ত্বাবধায়ক ও প্রকল্প পরিচালক দিলরুবা ইয়াসমিন লিজা জানিয়েছিলেন, টেন্ডার কমিটির আহ্বান করা দরপত্রের শর্তাবলি অনুযায়ী যারা দরপত্র দাখিল করেছেন, শুধু তাদের দরপত্র গৃহীত হয়েছে। আর যারা দরপত্রের শর্তাবলি এবং কর্তৃপক্ষের কাঙ্খিত মানের যন্ত্রপাতির বর্ণনা অনুযায়ী দরপত্র দাখিল করতে পারেননি, তাদের দরপত্র বাতিল করা হয়েছে। ‘
এদিকে, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহের ২৮ কোটি টাকার কাজ হস্তগত করেছে এইচটিএমএস। স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুলের সহযোগিতায় ওই হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের দরপত্রের তিনটি লটের দুইটির কার্যাদেশ পেয়েছে এইচটিএমএস।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নখি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের জন্য ২০২৫-২৬ অর্থবছরে মালামাল ক্রয়ের তিন লটের কাজের দুইটিই পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এইচটিএমএস লিমিটেড। ১ নম্বর লটে রেডিওলজি ও ইমেজিং বিভাগের জন্য সিটি স্ক্যান মেশিন কেনার জন্য বরাদ্দ ১০ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৯৪৯ টাকা। ২ নম্বর লটে এমআরআই মেশিন কেনার ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকা। আর ৩ নম্বর লটে এক্স-রে, আলট্রাসনোগ্রাম, মেমোগ্রাফিসহ আরও দুই ধরনের মেশিন কেনার বরাদ্দ আছে ১৩ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৬৫১ টাকা। তিন লটের কেনাকাটায় মোট বরাদ্দ ৪১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৬৫১ টাকা। এর মধ্যে কালো তািলকাভুক্ত প্রতিষ্ঠানটি হস্তগত করেছে প্রায় ২৮ কোটি টাকার কাজ।
অনুসন্ধানে জানা যায় , ২০২৪-২৫ অর্থবছরে এসব মালামাল কেনার কথা থাকলেও বিলম্বিত করা হয়েছে। তৎকালীন পিডি যন্ত্রপাতি সরবরাহের জন্য দরপত্র আহ্বানও করেছিলেন। কিন্তু রহস্যজনক কারণে ওই প্রকল্প পরিচালককে সরিয়ে বসানো হয় সাংসদ নুরুল ইসলাম নুরুল মনোনীত ডাঃ কামরুজ্জামানকো।
দরপত্র সংশ্লিষ্ট সুত্রমতে , বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান এইচটিএমএস লিমিটেডকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের কার্যাদেশ পাইয়ে দেবার নেপথ্যে আছেন সম্প্রতি কোটি টাকা চাঁদা দাবিতে শতকোটির উন্নয়নকাজ বন্ধ করে ব্যাপক সমালোচিত হওয়া বিএনপির স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম।
অভিযোগ ১০ শতাংশ হারে ৪ কোটি টাকার বেশি কমিশনের বিনিময়ে তিনি টেন্ডারের দুটি লট এইচটিএমএস লিমিটেডের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকে পাইয়ে দিয়েছেন।একই সিন্ডিকেটের আরেক প্রতিষ্ঠান এডভান্স বায়োমেডিককে ১৩ কোটি টাকার ৩য় লটের কার্যাদেশ দেয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, যে প্রতিষ্ঠান দেড় যুগ ধরে স্বাস্থ্যখাতে লুটপাটের সাথে জড়িত বলে আলোচিত, সেই প্রতিষ্ঠানকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে দেয়া পুরো প্রকল্পের ভবিষ্যতকে ঝুঁকিহে ফেলেছে।
অনুসন্ধানের তথ্যমতে, চলতি অর্থবছরে হাসপাতালটির ৩০০ কোটি টাকার সরঞ্জাম কেনাকাটার কাজে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এমপি নুরুল স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়ে তার পছন্দের ডা. মো. কামরুজ্জামানকে প্রকল্প পরিচালক (পিডি) পদে বসিয়েছেন। এরআগে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ছিলেন।
পদায়নের জন্য সংসদ সদস্যে ডিও লেটার দেবার বিষয় স্বীকার করে প্রকল্প পরিচালক ডাঃ কামরুজ্জামান বলেন, দরপত্র মুল্যায়ন কমিটির সুপারিশ ছাড়া কোন প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া সম্ভব নয়। প্রকল্প পরিচালক একক সিদ্ধান্তে কিছু করতে পারেন না। ‘
জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে যন্ত্রপাতি সরবরাহের কার্যাদেশ দেওয়া ক্রয় নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। যে প্রতিষ্ঠান একই ধরনের সরবরাহ কাজে অতীতে অনিয়ম করেছে ওই প্রতিষ্ঠানকে নতুন করে সরকারি কাজের কার্যাদেশ দেওয়ার কোনো সুযোগ নেই। যাদের হাতে দায়িত্ব দুর্নীতির প্রতিকার করা, তারা প্রশ্রয় দিলে বিষয়টি উদ্বেগজনক। ‘
যে প্রতিষ্ঠানের অতীতে দুর্নীতির স্পষ্ট ছাপ রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সিটি করপোরেশন ,পটুয়াখালী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেলে ঠিকাদারীর বিতর্কিত প্রতিষ্ঠান পট পরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষমতার ছাতা ধরে অনিয়মের সুযোগ পাওয়ায় বিব্রত সরকারের নীতিনির্ধারকরাও।

