চট্টগ্রামের আনোয়ারায় একটি কারখানায় খাবার সরবরাহের কাজ পেতে কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল করিম নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি দক্ষিণ জেলা যুবদলের ধর্ম সম্পাদক।
মঙ্গলবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ধর্ম সম্পাদক আবদুল করিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ২১ অক্টোবর চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে খাবার সরবরাহের কাজ পেতে আমেরিকান এন্ড এফির্ড (বাংলাদেশ) লিমিটেড নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে গিয়ে প্রাণনাশ ও ফ্যাক্টরি বন্ধের হুমকি দেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এরআগে, ২৫ অক্টোবর একই ঘটনার অভিযোগে আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চনকে পদ থেকে বহিষ্কারের পাশাপাশি সকল পর্যায়ের পদও বাতিল করা হয়।
চৌধুরী/চট্টলা২৪

