চট্টগ্রাম নগরের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র মিলে যে দুর্নীতি করেছেন তার শ্বেতপত্র বের হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নগরের চকবাজার কাঁচাবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে মেয়র এ মন্তব্য করেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের সেটা জানা উচিত এবং জনগণই বিচার করবে দুর্নীতির জন্য তাদের কী শাস্তি পাওয়া উচিত। আমি প্রতিটি ওয়ার্ডে আমি যাচ্ছি।
প্রতিটা ওয়ার্ডে যাওয়ার পরে সুনির্দিষ্ট কিছু দুর্নীতির চিত্র আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনারা দেখেছেন আমি যখন বিপ্লব উদ্যানে দেখলাম ২৫টা দোকান থেকে অলরেডি ১০ থেকে ১২ কোটি টাকা লোপাট হয়ে গেছে এবং সেখানে সিটি করপোরেশন পুরো এক বছরে পেত মাত্র এক লাখ টাকা। অথচ সেখানে ৫০ থেকে ৬০ লাখ টাকা প্রতিবছর আয় করার কথা ছিল। এই যে একটা দুর্নীতি মেয়র এবং কাউন্সিলররা মিলে করেছে আমি একে একে সব দেখতে পাচ্ছি।
মেয়র চকবাজার ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা নেন এবং স্থানীয়দের কাছে তাদের কাজের পারফরম্যান্স জানতে চান। এরপর মেয়র চকবাজার এবং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বিভিন্ন সড়কে বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়কের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং এলাকাবাসীর কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। এ সময় মেয়র ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী প্রমুখ।
চৌধুরী/চট্টলা২৪

