চট্টলা২৪ ডেস্ক: রাজধানীর পিলখানায় ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, সরকারি কর্মকর্তা, সশস্ত্র বাহিনী এবং পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকবেন। তবে কমিটির সদস্যসংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। এটি পাঁচ, সাত বা নয়জনের হতে পারে, তবে সশস্ত্র বাহিনীর সদস্য বেশি থাকবে।”
তিনি জানান, কমিটির জন্য উপযুক্ত সদস্য বাছাই এবং নাম সংগ্রহ করতে কিছুটা সময় লাগবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ কমিটি গঠন করা হবে।
বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন মহল, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, সরকার এ বিষয়ে গড়িমসি করছে।
আজকের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এটি একটি স্বতন্ত্র কমিটি হবে। তবে পুনঃতদন্তের বিষয়টি আদালতের এখতিয়ার।”
উল্লেখ্য, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা আদালতে বিচারাধীন থাকায় স্বাধীন কমিশন গঠন করা সম্ভব নয়। দুই দিন পর আজ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হলো।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিতে সরকারের এ পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এ আর ইমন/ইমন দাশ/ চট্টলা২৪

