আব্দুর রহমান ইমন, চট্টগ্রাম: আট বছরের শিশু ফায়েজ। গত বছর এই দিনেও তার নাম ছিল পথশিশু কিংবা শহুরে ফুটপাতে বড় হওয়া সুবিধাবঞ্চিত শিশু। তার স্বপ্ন একদিন পাইলট হবে কিন্তু নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়ায় সেই স্বপ্ন দেখার আগেই ঝড়ে যেতে যাচ্ছিল। সিএনজি চালক বাবা ও গৃহিণী মায়ের ৩সন্তানের ছোট ফায়েজ তার স্বপ্ন নিয়ে নগরের সুবিধাবন্ঞ্চিত শিশুদের মতোই বড় হচ্ছিল।
তবে এই বছরের শুরুর দিকে নগরফুল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার স্বপ্নের সারথি হয়ে পাশে দাঁড়ায়। ফায়েজকে তার বাবার মার সাথে কথা বলে নিয়ে আসা হয় ষোলশহর রেলস্টেশনে নগরফুল পরিচালনাধীন স্কুলে। সেখানে এসে তার নামের সাথে যুক্ত হয় নগরফুল! আর নগরফুলের মালীদের পরিচর্যায় ফায়েজ এখনো তার পাইলট হওয়ার স্বপ্নের পথে হাঁটছে।
এরকম শুধু একজন ফায়েজ নয় চট্টগ্রাম নগরের সহস্রাধিক পথশিশুর পাশে দাঁড়িয়ে ‘পথশিশু’ শব্দটি মুছে দিয়ে নগরফুল গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নগরফুল’।

শুক্রবার(২০ ডিসেম্বর) বিকেলে নগরফুলের এসব ফুলদের সাথে কথা হয় চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে নগরফুল আয়োজিত শীত উৎসবে।
শীত উৎসবে প্রতিবছরের ন্যায় নগরফুলের বিভিন্ন শাখার ১হাজার শিশুদের মাঝে শীতের জামা উপহার দেওয়া হয়। এছাড়াও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হেলথ ক্যাম্প এবং পিঠার উৎসবও করা হয়।
পথশিশুদের নিয়ে নগরফুলদের এমন উদ্যোগে খুশি তাদের অভিভাবকরাও। একাধিক অভিভাবক জানান, আমরা অর্থের অভাবে আমাদের সন্তানদের জন্য যে কাজ করতে পারি নাই, সেটা নগরফুল করেছে। নগরফুলদের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো।
এসময় নগরফুলের মালিরা বলেন -সুবিধাবন্ঞ্চিত শিশুদের নাম মুছে দিয়ে নগরফুল গড়ার প্রত্যয়ে আমরা নগফুলের মালিরা নগরের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি। আমরা বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবহেলিত শিশুদের সঠিক পরিচর্যার মাধ্যমে ফুল হয়ে ফুটাতে কাজ করবো। ইতিমধ্যে নগরফুলের অনেক শিশুরাই পরিচর্যার মাধ্যমে দেশের মানবসম্পদে রূপ নিচ্ছে।
নগরফুলের ফুল তৈরির স্বপ্নদ্রষ্টা বায়েজিদ সুমন বলেন, ২০১৫সালে এসব সুবিধাবঞ্চিত শিশুদের নগরের ফুল হিসেবে গড়তে আমাদের পথচলা। সেই থেকে ধারাবাহিক ভাবে এসব শিশুদের জন্য আলোর মুখ দেখাতে একজন বাবা, একজন মার ভূমিকা হিসেবে কাজ করে যাচ্ছি। আমাদের এসব কাজ করার পিছনে যে বড় প্রেরণা সেটা হলো আমাদের মালিরা আর আমাদের অর্থদাতারা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

দিনব্যাপী এই শীত উৎসবে ছিল শিশুদের নৃত্য, গান, অভিনয়সহ নানা পরিবেশনা।
প্রসঙ্গত, ২০১৫ সালে পথশিশুদের নিয়ে কাজ করতে চট্টগ্রামের সিআরবিতে শুরু হয় নগরফুল সংগঠনের।এরপর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ভালোবাসা কুড়াচ্ছেন নগরফুলের মালিরা।
চট্টলা২৪/২০২৪

