চট্টলা২৪ ডেস্ক: পটিয়ার আশিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুল আলম চৌধুরীর বিয়েতে স্বদলবলে গিয়ে হাজির হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এনামুল হক এনাম।
খোঁজ নিয়ে জানা যায়, মাহফুজুল হক চৌধুরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তার বাবা পটিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আবছার মেম্বার। আবছার মেম্বার এর ছোট ছেলে যুবলীগ নেতা মাহফুজুল হকের বিয়েতে ঘটা করে বিএনপির পদস্থগিত হওয়া এনামের উপস্থিতি মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি করেছে।
তবে বিয়েতে উপস্থিত থাকা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বরের ভাই পিবলু চৌধুরী উপজেলা যুবদলের সদস্য। সেই হিসেবে দলের কর্মীর পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন তারা। মাহফুজের সাথে জাতীয় সংসদের সাবেক হুইপ শামসুল হক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলামের পক্ষে ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন মাহফুজ।
‘এস আলম ‘ এর গাড়িকান্ডে এনামুল হক এনামের দলের প্রাথমিক সদস্যদ পদও স্থগিত করেছিলো কেন্দ্রীয় বিএনপি। তবে তার নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি গঠিত হচ্ছে এমন প্রচারণাও আছে। অভিযোগ, দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত হলেও দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যানারে তার ছবি দিয়ে এনামের উপস্থিতিতে পরিচালিত হচ্ছে রাজনৈতিক কার্যক্রম।
এ বিষয়ে জানতে দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে তার কয়েক জন অনুসারী ডাকাতি, চাঁদাবাজির অভিযোগে বহিস্কৃত হয় দল থেকে। বিএনপি নেতা এনামের কয়েকজন অনুসারীর বিরুদ্ধে সাংগঠনিক তদন্ত চলমান হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এনামুল হক এনামের অনুসারীদের লাগামহীন অর্পকমে ক্ষুন্ন হচ্ছে দলের ভাবমূর্তি।
এ আর ইমন/চট্টলা২৪

