- অন্তকোন্দলে পরিকল্পিতভাকে ফোনে ডেকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে- দাবি নিহতের শ্যালক আরিফের।
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে খুন হওয়া শ্রমিকদল নেতা মীর আরমান হোসেনের হত্যার রহস্য উদঘাটন হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর ঘটনার রহস্য উদঘাটন করে হত্যাকারীদের গ্রেফতার করা হবে, প্রাথমিকভাবে যে মোবাইল নম্বর থেকে কলে করে ডেকে নেওয়া হয়েছে সেটি আল আমিন নামের একজন ব্যবহার করে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের কারণে প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত মীর আরমান হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মোতাহের হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও শ্রমিকদল নেতা।
শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ ছিন্নমূল এলাকায় দাফন করা হয়। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মীর আরমান হোসেন ছিন্নমুল এলাকার একটি চায়ের দোকানে চা পান করছিলেন। স্থানীয় ডিসলাইন ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিক দলের নেতাকে তার মোবাইল ফোনে আল আমিন নামে তার দলের এক নেতা ফোন করেন। কিছুক্ষণ পর বাঁচাও বাঁচাও করে ডাকতে শুরু করেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, আরমানের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক মোহাম্মদ আরিফ জানান, নিহত আরমান সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক সদস্য রোকনের অনুসারী। আল আমিন ও তার সহযোগীদের সঙ্গে আরমানের সম্পর্ক কয়েক সপ্তাহ ধরে ভাল যাচ্ছে না। এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের কারণে পরিকল্পিতভাবে তাকে ফোনে ডেকে কুপিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। তিনি আরও জানান, নিহত আরমানের চার মেয়ের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ছে। পরিবারে কাজের কেউ নেই। তাকে মেরে ফেলার পর পরিবারে হতাশা নেমে এসেছে।
ছিন্নমূল এলাকার বাসিন্দা ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি নয়ন বলেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানি না। কিন্তু তার মোবাইলে কলকারীকে শনাক্ত করলেই সব তথ্য বেরিয়ে আসবে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, জঙ্গল সলিমপুরের ছিন্নমুল এলাকায় মীর আরমান হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি জানার পর ঘটনাস্থলে যান। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, পুলিশের টিম প্রকৃত ঘটনা উদঘাটন ও কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে কাজ করছে।
সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রোকনের মোবাইল ফোনে কল করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এআরই/এমএস/চট্টলা২৪

