চট্টগ্রাম আদালত থেকে নিখোঁজ হওয়া ১ হাজার ৯১১টি মামলার নথির মধ্যে কিছু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কোতোয়ালি থানা এলাকার একটি ভাঙারি দোকানের গোডাউন থেকে নথিগুলো পাওয়া যায়। এই ঘটনায় এক পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম নথি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত চোরকে শনাক্ত করা হয়। তার দেওয়া তথ্যে ভাঙারি দোকান থেকে ৯ বস্তা নথি উদ্ধার করা হয়েছে। তবে বাকি নথিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, “এখন পর্যন্ত ৯ বস্তা নথি উদ্ধার করা হয়েছে।”
এর আগে, গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি নিখোঁজ হওয়ায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নথিগুলো আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর দায়রা জজ আদালতের খাসকামরার বাইরে রাখা হয়েছিল।
ওসি আবদুল করিম জানান, নথিগুলো আদালতের বারান্দায় পড়ে ছিল। ওই ফ্লোরে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকলেও দ্বিতীয় তলার ক্যামেরার ফুটেজ ব্যবহার করে চুরির ঘটনা শনাক্ত করা সম্ভব হয়।
উল্লেখ্য, এসব নথি ভাঙারি দোকানে বিক্রি করা হয়েছিল। গ্রেপ্তারকৃত চোর একজন পেশাদার অপরাধী। পুলিশের তৎপরতায় কিছু নথি উদ্ধার করা গেলেও পুরো ঘটনাটি আদালতের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে।
ডেস্ক রিপোর্ট/ ই ডি

