চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে আনিকা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন সোনা মিয়া হাজীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আনিকা একই এলাকার নাজিম উদ্দিনের মেয়ে এবং লক্ষ্মীপুর জেলার প্রবাসী মো. মুরাদের স্ত্রী।
পুলিশ জানায়, আনিকার চার মাস বয়সী একটি মেয়ে ও ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। এই ঘটনায় আনিকার মাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের পর থেকে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় রবিনসহ কয়েকজন ঘরে প্রবেশ করে দেখেন, আনিকার মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তার গলায় এবং শরীরের বিভিন্ন অংশে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘরে থাকা আনিকার মাকে আটক করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত আনিকা এবং তার মা উভয়ের সামান্য মানসিক সমস্যা ছিল।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক বলেন, মা-মেয়ের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঝগড়ার একপর্যায়ে আনিকার মা তাকে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করেন। অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
আনিকার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

