মীরসরাইয়ে সংঘর্ষে নেতা নিহত: যুবদল নেতা কামরুল বহিষ্কৃত
মীরসরাইয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা জাহেদ হোসেন মুন্না নিহতের ঘটনায় মীরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে সংগঠনের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন মীরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার অপকর্মের দায় দল বহন করবে না এবং তাকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে মীরসরাই উপজেলা সদরে শিল্প ও বাণিজ্য মেলায় সংঘর্ষে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহেদ হোসেন মুন্না নিহত হন।
এ ঘটনায় জাহেদের ভগ্নিপতি আরাফাত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ অভিযানে কামরুল হাসানসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

