চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ২ নম্বর গেটে স্থাপিত এফএস ৬০০০ মডেলের একটি আধুনিক কনটেইনার স্ক্যানার আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আমদানি পণ্য স্ক্যান এবং ওজন নির্ধারণের সুবিধাসম্পন্ন এ স্ক্যানারটি গত রবিবার ট্রায়াল অপারেশনের আওতায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা এ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। যেকোনো সময় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা।
চীন থেকে আমদানি করা চারটি স্ক্যানারের মধ্যে এটি প্রথম চালু হলো। বাকি তিনটি স্ক্যানারের ইনস্টলেশন কাজ চলমান রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে এসব স্ক্যানার বন্দরে আনা হলেও ১৫ মাস পর একটি স্ক্যানার চালুর জন্য প্রস্তুত করা সম্ভব হয়েছে।
নতুন স্ক্যানারগুলো চোরাচালান রোধ, নিরাপত্তা জোরদার এবং মিথ্যা ঘোষণার পণ্য পরিবহনে বাধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চীনা প্রতিষ্ঠান নাকটেক কোম্পানি লিমিটেডের সঙ্গে ১৪৭ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ছয়টি স্ক্যানার ক্রয় ও স্থাপনের চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি আগামী পাঁচ বছর এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

