বান্দরবানের আলীকদম উপজেলায় ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। শনিবার দুপুরে চৈক্ষ্যং ইউনিয়নের লামা–আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলীকদম উপজেলার চেয়ারম্যান পাড়ার মো. বেলাল (৩০), বাজারপাড়ার মিনহাজ (১৮) ও মো. সৈয়দ আমিন (৪৫)। স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দীন জানান, বেলাল ঝালমুড়ি বিক্রেতা ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দীন জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মমিন বলেন, নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

