চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের একদিন পর পুকুরে ভাসমান অবস্থায় আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ পাওয়া গেছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের লালারখিল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবদুর রহমান একই এলাকার নুরুল কবির প্রকাশ লক্ষীর ছেলে। জানাজা শেষে ওই দিন সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার দুপুরে সহপাঠীদের সঙ্গে খেলতে ঘর থেকে বের হয় আবদুর রহমান। দুপুরের খাবার খেতে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব স্থানে তল্লাশি করেও তার সন্ধান মেলেনি। পরদিন সকালে ঘরের পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

