কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি মৌলভীপাড়া থেকে অপহৃত যুবক চট্টগ্রামের কাপ্তাই ওয়াসা মোহরা বালুর টাল এলাকা থেকে উদ্ধার করেছেন পেকুয়া থানা পুলিশ। উদ্ধারের পর নিজেই স্বীকার করেছেন, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তিনি অপহরণের নাটক সাজিয়েছিলেন।
ঘটনাটি ঘটে ২৪ জানুয়ারি রাতে, যখন প্রবাসী মোহাম্মদ ইদ্রিস পেকুয়া টৈটং বাজার থেকে আত্মগোপন করেন এবং তার স্ত্রীকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি বলেন, অপহরণকারীরা তাকে হত্যা করবে যদি মুক্তিপণ না দেয়া হয়। তবে পরবর্তীতে বিষয়টি পুলিশের নজরে আসলে, তদন্তে জানা যায় যে, ইদ্রিস নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। তিনি ৫০০ টাকায় রশি কিনে এবং অন্য একজনের সাহায্যে নিজের হাত-পা বেঁধে ছবিটি তার স্ত্রীর কাছে পাঠান।
ইদ্রিস স্বীকার করেছেন, তার ঋণ পরিশোধের জন্য তিনি এই নাটক সাজিয়েছিলেন এবং তার পরিকল্পনা ছিল, মুক্তিপণের টাকা দিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়ার। পেকুয়া থানা পুলিশ জানিয়েছে, ইদ্রিসকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে, এবং আদালত যেভাবে সিদ্ধান্ত নেবেন, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

