চট্টগ্রামের আগ্রাবাদে রেকার বিলসহ অতিরিক্ত জরিমানা ও গাড়ি আটকানোর বিধান বাতিলসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত চলা এই আন্দোলনের ফলে নগরীর টাইগারপাস, বারেক বিল্ডিংসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষসহ সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ করতে হবে, রেকার বিলসহ ৩২৫০ টাকা জরিমানা ও ১০ দিন গাড়ি আটকানোর বিধান বাতিল করতে হবে, এবং নির্দিষ্ট রুট পারমিট ও সার্ভিস লেন চালু করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, ঢাকাসহ দেশের অন্যান্য শহরে ব্যাটারিচালিত যান চলাচলের অনুমতি থাকলেও চট্টগ্রামে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা শুধু অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দিলেও অন্যান্য যানবাহন আটকে রাখেন, যার ফলে কর্মস্থলগামী যাত্রীরা আটকা পড়েন।
একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের প্রতিনিধি দলের আলোচনায় আগামী ৭ দিনের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পুলিশের আশ্বাসে অবশেষে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ডেস্ক রিপোর্ট/ই ডি

