বাংলা একাডেমিতে সংস্কার কমিটি গঠনের ঘোষণা, সেন্সরশিপের অভিযোগ উড়িয়ে দিলেন ফারুকী
বাংলা একাডেমির বিভিন্ন কমিটিতে অযোগ্য ব্যক্তির অনুপ্রবেশে প্রতিষ্ঠানটি স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানিয়েছেন, পুরস্কার ও মনোনয়ন কমিটিসহ একাডেমির বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য একটি নতুন কমিটি গঠন করা হবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘জাতীয় কবিতা উৎসব-২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ফারুকী আরও বলেন, সরকার বই ছাপানোর আগে তা পড়ে দেখবে—এমন কোনো সিদ্ধান্ত নেয়নি, বরং এ বিষয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়ানো হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, সরকার পাঠ্যপুস্তকে সেন্সরশিপ আরোপ করতে চায় না এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে।
জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর জাতীয় সংগীত, একুশের গান ও জুলাই বিপ্লবের গান পরিবেশন করা হয়।
উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে থাকবে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদেরও এ উৎসবে আমন্ত্রণ জানানো হবে। অন্যান্য বছরের মতো এবারও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার প্রদান করবে।
ই ডি

