জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।
ঘটনাটি ঘটে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের এক গ্রামের মাঠে। আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসেন (৩৩), ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের একরামুল হক (৪২)।
থানার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ প্রবাসে চাকরির উদ্দেশ্যে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ (টিটিসি) কেন্দ্রে তিন দিনের প্রশিক্ষণে ভর্তি হন। সেখানে মামলার এক নম্বর আসামি রুবেল হোসেনের সঙ্গে পরিচয় হয়।
গত ৫ ফেব্রুয়ারি প্রশিক্ষণ শেষে রুবেল তাকে মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। তবে পথে ফারুক হোসেনের গভীর নলকূপের ঘরে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। একপর্যায়ে গৃহবধূ অচেতন হয়ে পড়লে আসামিরা পালিয়ে যায়।
পরদিন সকালে ভুক্তভোগী তার স্বামীকে ঘটনাটি জানান। পরে তিনি অসুস্থ স্ত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, “ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসারে পরীক্ষা-নিরীক্ষা চলছে। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
ই ডি

