হালিশহরে বহুতল ভবনের নিচতলায় গুদামে অগ্নিকাণ্ডচট্টগ্রাম নগরের হালিশহরের মুন্সী পাড়া এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় থাকা প্লাস্টিক পণ্যের (ক্যারেট) গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর ও সিইপিজেড স্টেশন থেকে ৬টি অগ্নিনির্বাপণকারী গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটির নিচতলায় গুদাম থাকলেও ওপরের সাতটি ফ্লোরে বসবাসরত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ তদন্তের পর জানানো হবে। তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, শিশু-কিশোরদের পোড়ানো আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মাত্র ৫-১০ মিনিটের মধ্যে আগুন বন্দরে আসা আমদানি করা প্লাস্টিক ক্যারেটের স্তূপে ছড়িয়ে পড়ে এবং আশপাশের কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে যায়।

