বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তারপর স্থানীয় সরকার নির্বাচন। সংস্কার তো চলমান ধারা। এটা চলবে, যাতে কোনো দিন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। বাপেরই জন্ম হলো না, তো সন্তানের জন্ম হবে কী করে? আগে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হলে আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তারপর স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’ রাজশাহী নগরের ভুবনমোহন পার্ক শহীদ মিনারে আজ শুক্রবার সকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুলাই আন্দোলনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কবির। এ অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

