বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধ রাখায় ১০ কোটি টাকা ক্ষতির অভিযোগে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন নূর মোহাম্মদ নামে ব্যবসায়ী।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাতসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১শ’ জনকে আসামি করে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন উদ্যোক্তা মো. নুর মোহাম্মদ । মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী।
বাদী ‘দুরন্ত সাপ্লাইয়ার’ এবং ‘দুরন্ত বাজার’ নামে অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলে দাবী করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই আসামিরা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে দেশে গণহত্যা চালায়। নিরীহ ছাত্র-ছাত্রীদের উপর নির্মম নির্যাতনের উদ্দেশ্যে সুপরিকল্পিত ভাবে সারাদেশের ইন্টানেট ও ব্রডব্যান্ড সেবা সংযোগ বন্ধ করে দেয়। বাদী অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্টানের সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়, এতে বাদীর ১০ কোটি টাকা ক্ষতি হয়। এছাড়াও দেশের বাণিজ্যিক খাত প্রায় ১ লক্ষ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, ইন্টারনেট ও ব্রডব্যান্ড বন্ধ থাকা অবস্থায় বাদীর ব্যবসা অনলাইন ও সফটওয়ার ভিত্তিক হওয়ায় কর্মচারীদের বেতন ভাতা, গাড়ি ভাড়া, শো-রুম ভাড়া, বাসা ভাড়াসহ অনলাইন ব্যবসায় পণ্য সরবরাহ এবং আর্থিক লেনদেন ব্যাহত হয়। যাতে বাদীর ১০ কোটি টাকা ক্ষতি হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী জানান, মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও ১শ’ জনকে অজ্ঞাত আসামী করে এই মামলাটি করা হয়। আসামীদের বিরুদ্ধে রাষ্ট্রের ও জনগণের জনমালের ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান এই আইনজীবী।

