বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর শাখা থেকে বহিষ্কারের একদিন পরই আইনি পদক্ষেপ নিয়েছেন সংগঠনের সাবেক মুখপাত্র ফাতেমা আক্তার লিজা।
রোববার (১৮ মে) চট্টগ্রাম আদালতে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে বহিষ্কারাদেশ প্রদানকারীদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
বিষয়টি লিজা নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছি। এছাড়া তিনি ‘আইনি ব্যবস্থা নিয়েছি’ উল্লেখ করে সংগঠনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও বিষয়টি শেয়ার করেন।
চট্টগ্রাম মহানগর বৈছাআ’র আহ্বায়ক আরিফ মঈনুদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের কাছে পাঠানো ওই আইনি নোটিশে বলা হয়েছে, চট্টগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী লিজা জুলাই মাসের গণঅভ্যুত্থানে একজন সক্রিয় মাঠকর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার স্বীকৃতি কেন্দ্রীয় নেতারাও দিয়েছেন।
নোটিশে অভিযোগ করা হয়, ব্যক্তিগত আক্রোশের কারণে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থীভাবে তাকে বহিষ্কার করা হয়েছে এবং ‘মাদক সেবন’ ও ‘অসামাজিক জীবনযাপন’-এর মতো গুরুতর অভিযোগ আনলেও এর কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়নি, যা সাইবার ট্রাইব্যুনাল আইনে শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়া, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লিজাকে কোনো পূর্ব নোটিশ না দিয়ে বহিষ্কার করা হয়েছে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তা প্রচার করে তার মানহানি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
নোটিশে আগামী ৭ দিনের মধ্যে বহিস্কারাদেশ প্রত্যাহার করে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
চৌধুরী, চট্টলা২৪

