পুলিশের ওপর হামলা ও কাজে বাধার অভিযোগে করা এক মামলায় ইসকনের (আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ) সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।আইনজীবী হত্যাসহ চারটি মামলায় চিন্ময়কে আদালতের নির্দেশে গ্রেফতার দেখানো হয়।সোমবার (২৬ মে) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এ আদেশ দেন
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে আদালত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
এর আগে গত ১৮ মে চিন্ময়কে রাষ্ট্রদ্রোহ মামলা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত।
চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানোর নির্দেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি করে চিন্ময়ের অনুসারীরা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
পরে আইনজীবী হত্যা, পুলিশের ওপর হামলা, কাজে বাধা, গাড়ি ভাঙচুর, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মোট ছয়টি মামলা হয়। এর মধ্যে আইনজীবী হত্যাসহ চারটি মামলায় চিন্ময়কে আদালতের নির্দেশে গ্রেফতার দেখানো হয়।
চট্টলা২৪/হহ

