মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের যে পথ সুগম করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে পথে হাঁটলে দেশের বেকারত্ব হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করে মুসলিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার পক্ষে মত দিয়ে চসিক মেয়র বলেন, জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির মূল দর্শন ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি রক্ষা করা। এই নীতির ফলে বাংলাদেশের লাখ লাখ মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আমাদের জাতীয় আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স। আজ যে সংকটময় সময় অতিক্রম করছি, তাতে রেমিট্যান্সই অর্থনীতির বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
তিনি বলেন, শহীদ জিয়া দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের বিদেশে কাজের সুযোগ করে দিয়েছিলেন। আজও তার সেই কূটনৈতিক কৌশল অনুসরণ করলে আমরা বৈদেশিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করতে পারবো, যা তরুণ সমাজের বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা রাখবে।

