চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা জাকের আলি কমিউনিটি ক্লিনিকের সামনে শনিবার (৫ জুলাই) রাত ১২টার দিকে এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহত দিদারুল আলম (৩৬) পশ্চিম শাকপুরা ৩ নম্বর ওয়ার্ডের শেখ আহমদ চেয়ারম্যানের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় মিলিটারিপুল এলাকায় মুদি দোকান পরিচালনা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দিদারুল আলম প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে ২-৩ জন দুর্বৃত্ত তাকে পথরোধ করে।
তারা ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। আহতের ছোট ভাই মাহবুল আলম বলেন, আমার ভাই দিদারুল আলম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়েছে।
স্থানীয়রা আহত ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে জানান, আহতের পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
চট্টলা২৪/হহ

