| প্রতিনিধি, মিরসরাই
চট্টগ্রামের মিরসরাইয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে দেড় একর সরকারি রিজার্ভ বনভূমি জবর দখলমুক্ত করেছে বনবিভাগ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে হিংগুলী বন বিটের সীতাকুণ্ড-রামগড় রিজার্ভ ফরেস্ট মৌজার হিংগুলী পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জায়গা উদ্ধার করা হয়। জায়গাটি চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জের আওতাধীন।
উদ্ধারকৃত জমিটি হিংগুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সোনা উল্লাহের দখলে ছিল। ওই জায়গার চারদিকে কাটা তার ও বাঁশের বেড়া এবং খুটি-টিনের ছাউনী দিয়ে তৈরি লেবার সেড ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদের নেতৃত্বে মিরসরাই রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং হিংগুলী বিটের অধীন এফসিভির সভাপতি ও সদস্যদের সার্বিক অংশগ্রহণে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মিরসরাই রেঞ্জ কর্মকতা মো. নওশাদ বলেন, জবর দখলে থাকা উদ্ধারের পর চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকতা এস এম কায়চারের নির্দেশ অনুযায়ী উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করি।

