বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে এনসিপি নেতা নিজাম উদ্দিনের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, দল থেকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে আবারও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দলটি।

রবিবার (১০ আগস্ট) প্রকাশিত এক ভিডিওতে নিজাম উদ্দিনকে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়। ভিডিওতে তাকে আফতাব হোসেন রিফাত নামের এক ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায়।

আফতাব হোসেন রিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

ভিডিওতে আফতাবকে বলতে শোনা যায়, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?’ জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’ উত্তরে আফতাব বলেন, ‘হ্যাঁ।’ কত টাকা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘পাঁচ।’ এরপর নিজাম উদ্দিন বলেন, ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে… তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না। নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।’

ভিডিওটি ফেসবুকে আপলোড করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তিনি পোস্টে লিখেছেন, ‘সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন—‘এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।’

ভিডিও ফাঁসের ঘটনায় সোমবার (১১ আগস্ট) নগর এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। নগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত নোটিশে নিজাম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম নগরের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন চট্টলা২৪ কে জানান, কমিটি ঘোষণা করার পর পুরনো একটি কল রেকর্ড ফাঁস করা হয়েছে- যেটির কোন সত্যতা নেই। বন্দরের আন্দোলনের বিষয়ে নিজেদের মধ্যে একটি ফ্যান্ক কলকে সামনে আনা হয়েছে। যিনি সেই ফ্যান্ক কল রেকর্ড করেছিলেন তিনিও বিষয়টি জানেন। কলটি রেকর্ডকারী স্বীকারোক্তি দিয়েছেন। গণমাধ্যমে পাঠিয়ে হাস্যরসের সেই ভিডিওকে ভিন্নভাবে ব্যবহার করেছে ষড়যন্ত্রকারীরা। আমি নোটিশটি পেয়েছি। আমি এটির ব্যাখ্যা দেবো। ইনশাআল্লাহ আমি এখানেও জয়ী হবো।

এর আগে, গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে এক নারী দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন। সেই সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের ভিত্তিতে তার পদ স্থগিত করা হলেও পরবর্তীতে তা ফেরত দেওয়া হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে গত ২৩ এপ্রিল ‘বন্দর রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন মিছিল-সমাবেশ করে, যা নিয়েই মূলত এই বিতর্কের সূত্রপাত।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...