বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন অনুযায়ী বাংলাদেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সবাই সমানভাবে গর্বিত বাংলাদেশী। কিন্তু পতিত স্বৈরশাসক শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জাতিকে বৈষম্যহীন, সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবে।
শনিবার হাটহাজারী সদরের পার্বতী স্কুল মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার হেলাল বলেন, গত দেড়দশক ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাম্প্রদায়িক বিশৃঙ্খলার মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি করেছে। গুম, খুন, নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। অপশক্তি আগামীতেও দুর্গাপূজার সময় অশান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে দলীয় নেতাকর্মী ও সনাতন সম্প্রদায়ের সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাস্টার লায়ন অশোক কুমার নাথ। এতে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, এডভোকেট রিয়াদ উদ্দিন, বিএনপি নেতা আলহাজ্ব রহমতুল্লাহ মোহাম্মদ ইউসুফ, ডা. আবুল খায়ের, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদল সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি প্রমুখ।
এ ছাড়া শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব পার্থ, জেলা সহ সভাপতি বাবলু দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের হাটহাজারী উপজেলা আহ্বায়ক উত্তম কুমার দাশ ও সদস্য সচিব শিমুল কুমার নাথসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুনায়েদ/চট্টলা২৪

