চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলা (পিএবি সড়ক) সড়কের সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম দমদমার (নতুনদীঘি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ‘কক্সবাজারের কালমারচড়া ইউপি উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়া পাড়া এলাকার মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পানিরছড়া এলাকার নুরুল ইসলাম টুনুর ছেলে ওয়াসিফ রায়হান (১৬)। ওয়াসিফ মহেশখালী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এক ভাই এক বোনের মধ্যে দ্বিতীয়।
আহতরা হলেন, মহেশখালী হোয়ানক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১), সিএনজি অটোরিকশা চালক জাবের (১৯)।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ’কর্ণফুলী থানার মইজ্জারটেক থেকে সিএনজি অটোরিকশাযোগে মহেশখালী উপজেলায় ফেরার পথে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের নতুনদীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে গ্যাসবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই জন নিহত হন। গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। অপর একজন স্থানীয় চাঁদপুর সিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ও নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল বলেন, ‘গ্যাসবাহী লরি জব্দ করেছে পুলিশ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে ঘটনাস্থল থেকে ঘাতক লরি চালক পালিয়ে গেছেন।’
এ প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা বাঁশখালী রামদাস হাট পুলিশ ফাঁড়ির এসআই শাখাওয়াত হোসেন জানান, ‘দুপুরে প্রধান সড়কের বানীগ্রাম দমদামার দিঘীর পাড় এলাকায় গ্যাসবাহী লরি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। কর্ণফুলীর মইজ্জারটেক থেকে সিএনজি অটোরিকশাযোগে মহেশখালী ফেরার পথে বাঁশখালীর বানীগ্রামে এ ঘটনা ঘটে। গ্যাসবাহী লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। আর নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

