জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার অংশ হিসেবে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর।
শনিবার বিকেলে মহানগর সমন্বয় কমিটির নেতৃবৃন্দ শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রথম পর্যায়ে সহায়তা প্রদান করা হয় তিনজন শহীদের পরিবারকে। তাঁরা হলেন—শহীদ মো. শহীদুল্লাহ (রসুলবাগ), শহীদ মো. ফারুক (লালখানবাজার) ও শহীদ আলম (ঈদগাঁ)।
শহীদ পরিবারের হাতে আর্থিক উপহার তুলে দেন এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সমন্বয়কারী মোহাম্মদ এরফানুল হক, মো. জসিম উদ্দিন ওপেল, মুহাম্মদ সাঈদুর রহমান, আরিফ মঈনুদ্দিন, শহীদ পরিবার ও আহত পুনর্বাসন সেলের লিডার মো. এমদাদুল হকসহ অন্যান্য সদস্যরা।
অনুদান কার্যক্রমে প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়। তাদের সাহসিকতা, আত্মত্যাগ ও অদম্য চেতনা আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, এই বীরদের রক্ত ও আত্মত্যাগের পথ ধরেই গড়ে উঠবে একটি নতুন, উদ্ভাসিত বাংলাদেশ।”
জুনায়েদ/চট্টলা২৪

